প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমি নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর-ই খোদা এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, কোন ব্যক্তি কি কারনে এই অভিযোগ করেছেন তাহা আমার বোধগম্য নয়। আমার বিরুদ্ধে আনিত এ সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক কাজ করেছি, যার কারনে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি অত্যন্ত সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, দীর্ঘ দুই দশকের সরকারি চাকরির আড়ালে গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদের সাম্রাজ্য।রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জসহ বিভিন্ন আবাসন কোম্পানির নকশা অনুমোদনের ক্ষেত্রে আমাকে জড়ানো হয়েছে।ঢাকা সহ বিভিন্ন নামিদামি স্থানে আমার অবৈধ ফ্ল্যাট প্লট সহ বাণিজ্যিক সম্পদ রয়েছে, স্ত্রী সন্তানের নামে সম্পদ রয়েছে যাহা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।
কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় ও কুরুচিপূর্ণ একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত প্রতিবাদ জানাই।
অবশেষে বলতে চাই, আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা আমার বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করেছেন, কোন একদিন হয়তো তাদেরও এরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে, তাই সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।
পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, জাতীয় দৈনিক অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
মোহাম্মদ নূর-ই খোদা









