রাজধানীর মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সেনপাড়া-পার্বতা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সম্প্রতি বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাঁর বক্তব্য গ্রহণের দাবি করেছেন।
প্রকাশিত সংবাদগুলোতে ভূমি অফিসে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ স্থানান্তরসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের সত্যতা নির্ধারণের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণ, কথিত অর্থ লেনদেনের প্রমাণ পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রশাসনিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা উচিত। কিন্তু সেসব কিছু না করেই আমার বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা বানোয়াট অভিযোগ আনা হয়েছে। প্রকাশিত এই সংবাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, জনস্বার্থে ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কোনো কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং তাঁর বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে; আর অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও তদন্তের ফলও যথাযথভাবে প্রকাশ করা উচিত।
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.