অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ চাকুরিচ্যুত ১০৬ কর্মকর্তা- কর্মচারীর চাকুরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানব বন্ধন।
গত ৩০/০৪/২৪ ইং তারিখ, মে দিবসের আগের রাতে স্বৈরাচারী সরকারের ইডকলের বোর্ড সংশ্লিষ্ট আমলা সচিব এবং ম্যানেজমেন্ট দ্বারা, ইডকল এ মাঠ পর্যায়ে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ২৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পূর্ব ঘোষিত কোন নোটিশ বা কারণ ছাড়াই, অন্যায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ভাবে চাকরিচ্যুত করে। এই চাকরি পুনর্বহালের দাবিতে পহেলা মে-২০২৪ ইং তারিখ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং ৮ আগস্ট-২০২৪ ইং তারিখ ইডকল প্রধান কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সাথে আলোচনায় ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা চাকরি পুনর্বহালের লিখিত আশ্বাস দেওয়ার পরেও চাকরি পুনর্বহাল না করায়, গত ১৯শে আগস্ট-২০২৪ ইং তারিখ আবারও ইডকল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে আবারো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সাথে আলোচনায় চাকরি পুনর্বহালের সুপারিশের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একজন যুগ্ম সচিব ও একজন সহকারী সচিব সহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। উক্ত তদন্ত কমিটি গত ১০ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখে "ইডকলের চেয়ারম্যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাননীয় সচিব' এর কাছে তদন্ত রিপোর্ট প্রদান করলেও আজ অব্দি চাকরি পুনর্বহাল কিংবা তদন্ত কমিটির রিপোর্ট আমাদের জানানো হয়নি। চাকরি পুনর্বহালের মিথ্যা আশ্বাস ও কালক্ষেপণ করা হচ্ছে। যার প্রেক্ষিতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।
আমাদের দাবিঃ
১। অবিলম্বে আমাদের ১০৬ কর্মকর্তা কর্মচারীর চাকরিচ্যুত আদেশ বাতিলপূর্বক চাকরি পুনর্বহাল করতে হবে।
২। স্বৈরাচার সরকার বিদায় হলেও স্বৈরাচার সরকারের মনোনীত ব্যক্তিরা ইডকলের পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টে এখনো স্বপদে বহাল আছে। ইডকলের পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টে কোন পরিবর্তন হয় নাই। ইডকলের বোর্ড ও ম্যানেজমেন্ট স্বৈরাচারের দোসরমুক্ত করতে হবে।
৩। ঘুষ বানিজ্যের মাধ্যমে নিম্ন মানের সহযোগী সংস্থা নিয়োগ করে যারা অবৈধ ভাবে বিপুল অর্থ উপার্জন করে ইডকলের বিভিন্ন প্রোগ্রাম ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। উন্নত চুলা প্রোগ্রামের সর্বশেষ বিতরণকৃত চুলার ডিসবার্জমেন্ট তালিকা ১০০% তদন্ত সাপেক্ষে ইডকলে দুর্নীতি মুক্ত করতে হবে।
৪। ইডকল হেড অফিসে স্বৈরাচার সরকারের আমলা সচিব ও ইডকলের বোর্ড মেম্বারদের আত্মীয়-স্বজনকে উচ্চ বেতনে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ইডকলকে আমলাতন্ত্রের আত্মীয় স্বজনদের আতুর ঘর বানিয়েছে। ইডকল ম্যানেজমেন্ট নিয়মিত ভাবে নিয়োগ বানিজ্য করে যাচ্ছে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে।
আমাদের এক দফা "চাকুরি পুনর্বহাল" এবং পেশকৃত দাবী সমূহ আপনার ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি।
অশেষ শ্রদ্ধান্তে,
১০৬ জন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীর পক্ষে,
মোঃ আল আমিন মোল্লা
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.